আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিজেপিকে ‘হ্যাংলা’ কটাক্ষ মমতার, বাংলা দখলের চেষ্টার বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান থেকে নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতি গেরুয়া শিবিরের অতি-আগ্রহকে কটাক্ষ করে তিনি বলেন, “ওরা বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা।” প্রশাসনিক প্রধানের মতে, গায়ের জোরে বা বুলডোজ করে বাংলার মানুষের মন জয় করা সম্ভব নয়। বরং বাংলাকে আপন করতে হলে আগে এখানকার ভাষা ও সংস্কৃতিকে জানতে এবং ভালোবাসতে হবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভিনরাজ্যে বাংলাভাষীদের ‘অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওড়িশা, দিল্লি বা ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলোতে বাঙালিদের ওপর হওয়া আক্রমণের কড়া নিন্দা জানান তিনি। মমতা স্পষ্ট করে দেন যে, বাংলা ভাষা কারও দয়ায় আসেনি এবং এর ওপর কোনো আঘাত এলে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তা রুখে দাঁড়াবে।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার সংশোধন এবং কেন্দ্রীয় নীতির সমালোচনা করে মুখ্যমন্ত্রী একে ‘স্বৈরাচারী’ পদক্ষেপ বলে অভিহিত করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গ সব ভাষাকে সম্মান দিলেও বাংলার নিজস্ব পরিচয় হরণ করার চেষ্টা সফল হবে না। রাজনৈতিক স্বার্থে বাংলাকে আসাম্মান করার প্রচেষ্টার বিরুদ্ধে সরব হয়ে তিনি রাজ্যবাসীকে মাথা উঁচু করে লড়াই করার আহ্বান জানান।

