লেটেস্ট নিউজ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে প্রতীক-উর রহমান, মিলল বড় দায়িত্বের আভাস – এবেলা

এবেলা ডেস্কঃ

গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে তৃণমূলের বিরুদ্ধে লড়া সিপিএম নেতা প্রতীক-উর রহমান আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দিলেন। শনিবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে দলীয় পতাকা ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। বাম শিবিরের লড়াকু মুখ হিসেবে পরিচিত প্রতীক-উরের এই দলবদল রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যোগদানের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, প্রতীক-উর টিকিট পাওয়ার জন্য নয়, বরং সংগঠন করার লক্ষ্যেই দলে এসেছেন। বর্তমানে ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রমণের মুখে থাকা প্রতীককে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে অভিষেক তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই তাঁকে ক্যামাক স্ট্রিটের দপ্তরে ডেকে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নির্দিষ্ট দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

প্রতীক-উরের তৃণমূলে আসায় সিপিএমের অন্দরে অস্বস্তি বেড়েছে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম আসনে তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও প্রতীক-উর জানিয়েছেন, তাঁর প্রধান লক্ষ্য বিজেপি-র বিরুদ্ধে লড়াই করা। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও লড়াকু তরুণ নেতৃত্বকে তৃণমূলে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন, যা আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের নতুন কৌশলের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *