রামপুরহাটে বিজেপির নবনির্বাচিত যুব সভাপতিকে অস্ত্র দিয়ে সংবর্ধনা
বীরভূম জেলার রামপুরহাটে বিজেপির নবনির্বাচিত জেলা যুব মোর্চা সভাপতি সমরেশ ঘোষকে তলোয়ার ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানালেন দলীয় কর্মীরা। শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সমরেশ ঘোষের হাতে শাস্ত্রের পাশাপাশি দেশরক্ষার প্রতীক হিসেবে অস্ত্র তুলে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সাংগঠনিক রদবদলের মাধ্যমে সমরেশ ঘোষকে বীরভূম জেলা যুব মোর্চার দায়িত্ব দিয়েছেন। সংবর্ধনা গ্রহণ করে নবনিযুক্ত সভাপতি জানান, এই সরঞ্জাম দেশরক্ষার লড়াইয়ের প্রতীক। আগামী দিনে কর্মীদের নিয়ে রাজনৈতিক ময়দানে লড়াই করার জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বীরভূমে সংগঠন মজবুত করতে চাইছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, যুব শক্তিকে একত্রিত করতেই এই রদবদল করা হয়েছে। নবনির্বাচিত সভাপতিকে অস্ত্র প্রদানের মাধ্যমে মূলত নির্বাচনের আগে কর্মীদের মনোবল বৃদ্ধি ও জোরালো লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন বিজেপি সমর্থকরা।

