দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রার পারদ – এবেলা
এবেলা ডেস্কঃ
February 22, 202611:22 am
বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে। কলকাতায় মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙেও চলতি সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে রাতের তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে ভোরের দিকে শীতের যে হালকা আমেজ ছিল, তা ক্রমশ উধাও হচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। শীত বিদায় নেওয়ার মুখে নিম্নচাপের এই জোড়া ফলায় রাজ্যজুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম দুই-ই বাড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে হাওড়া, হুগলি ও বাঁকুড়া-সহ অন্যান্য জেলাতেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

