অনলাইনে শুরু প্রেম, শেষে মৃত্যুফাঁদ! স্যানিটাইজার ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 22, 202612:17 pm
ডেটিং অ্যাপের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্কের মর্মান্তিক পরিণতি ঘটল গুরুগ্রামে। ১৯ বছর বয়সী এক তরুণীকে তাঁর লিভ-ইন সঙ্গী শিবম নৃশংসভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। গত ১৮ ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত যুবক তরুণীকে স্টিলের বোতল দিয়ে মারধর করে এবং তাঁর গোপনাঙ্গে স্যানিটাইজার ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা চালায়। এমনকি তরুণীর ব্যক্তিগত ভিডিও রেকর্ড করে তাঁকে ব্ল্যাকমেল করারও অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতিতা তরুণী ত্রিপুরার বাসিন্দা এবং পড়াশোনার সূত্রে গুরুগ্রামের সেক্টর ৯-এ বসবাস করছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে ডেটিং অ্যাপে শিবমের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং পরবর্তীতে তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন। তরুণীর দাবি অনুযায়ী, শিবম তাঁকে নিয়মিত সন্দেহ করত এবং ছুরি দিয়ে আঘাতসহ বিভিন্ন উপায়ে অমানবিক অত্যাচার চালাত। অভিযুক্ত যুবক যেন তিনি মা হতে না পারেন, সেই হুমকিও দিয়েছিল।
বিপদ বুঝে তরুণী বাংলায় কথা বলে তাঁর মাকে বিস্তারিত জানান, যা শিবম বুঝতে পারেনি। খবর পেয়ে তরুণীর মা দ্রুত হেল্পলাইন নম্বর ১১২-এ যোগাযোগ করেন। এরপর গুরুগ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযুক্ত শিবমকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

