লেটেস্ট নিউজ

মহারাষ্ট্রে ডিম্বাণু বিক্রির অবৈধ চক্র ফাঁস, গ্রেফতার ৩ নারী

মহারাষ্ট্রের থানে জেলায় এক ভয়াবহ ডিম্বাণু পাচার চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ। আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের মোটা টাকার প্রলোভন দেখিয়ে এই অসাধু কারবার চালানো হচ্ছিল। মূলত বদলাপুর পূর্বের একটি আবাসন ও সোনোগ্রাফি কেন্দ্রকে কেন্দ্র করে এই অবৈধ কার্যকলাপ চলত বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ সূত্রে খবর, অসহায় মহিলাদের প্রতিবার ডিম্বাণু সংগ্রহের বিনিময়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। তবে সংগৃহীত সেই ডিম্বাণু বিভিন্ন আইভিএফ কেন্দ্রে চড়া দামে বিক্রি করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিত এই চক্রের পাণ্ডারা। এখন পর্যন্ত অন্তত ২০ জন মহিলা এই প্রতারণার শিকার হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নারীকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের জাল কতদূর বিস্তৃত, তা জানার চেষ্টা চলছে। স্থানীয় স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় সংশ্লিষ্ট সোনোগ্রাফি কেন্দ্রটির ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *