বিচ্ছেদের পরেও কর্তব্যে অবিচল হার্দিক, নাতাশা ও ছেলেকে উপহার দিলেন ৪ কোটির বিলাসযান
ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য আবারও চর্চার কেন্দ্রে, তবে এবার খেলার মাঠের জন্য নয় বরং ব্যক্তিগত দায়বদ্ধতার কারণে। প্রাক্তন স্ত্রী নাতাশা স্তানকোভিচ এবং পুত্র অগস্ত্যের জন্য তিনি প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ‘ল্যান্ড রোভার ডিফেন্ডার’ এসইউভি উপহার দিয়েছেন। মুম্বইয়ের একটি শোরুম থেকে গাড়িটি ডেলিভারি নেওয়ার সময় নাতাশা ও অগস্ত্যের ছবি ইতিবাচক সাড়া ফেলেছে।
গাড়ি প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, হার্দিক বিশেষভাবেই এই মডেলটি তাঁর পরিবার ও সন্তানের জন্য পছন্দ করেছেন। কাস্টমাইজেশন ও ভ্যারিয়েন্টভেদে গাড়িটির দাম কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের জুলাই মাসে বিচ্ছেদের ঘোষণা করলেও, তাঁদের যৌথভাবে সন্তানের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি এই উপহারের মাধ্যমে আরও একবার স্পষ্ট হয়েছে।
ক্রিকেট জগতের এই তারকার এমন পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছে। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ছাপিয়ে সহ-অভিভাবক হিসেবে হার্দিকের এই দায়িত্বশীল আচরণ নতুন নজির সৃষ্টি করেছে। ক্রিকেট ব্যস্ততার মাঝেও প্রাক্তন স্ত্রী ও সন্তানের স্বাচ্ছন্দ্যের প্রতি তাঁর এই নজরকে ক্রীড়ামহল ইতিবাচক দৃষ্টিতে দেখছে।

