ইস্ত্রি পোড়া সাদা শার্টের দাম লাখ টাকা, নেটপাড়ায় তুঙ্গে বিতর্ক
বর্তমান ফ্যাশন দুনিয়ায় গ্রাফিক শার্টের ব্যাপক জনপ্রিয়তার মাঝে এক অদ্ভুত পোশাক নিয়ে শোরগোল শুরু হয়েছে। লন্ডনের একটি নামী ফ্যাশন সংস্থা বাজারে এনেছে একটি দুধ সাদা রঙের শার্ট, যার পকেটে কেবল একটি ইস্ত্রি পোড়া দাগ বা ‘আয়রন বার্ন’ ডিজাইন রয়েছে। সাধারণ দেখতে এই শার্টটির আকাশছোঁয়া দাম শুনেই নেটিজেনদের চোখ কপালে উঠেছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১ লক্ষ ৩ হাজার টাকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শার্টটির ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে হাসাহাসি ও তীব্র সমালোচনা। নেটিজেনদের একাংশের মতে, এই ধরণের ডিজাইন বাড়িতেই বিনামূল্যে তৈরি করা সম্ভব, তাই সাধারণ একটি পোড়া দাগের জন্য কেন এত টাকা খরচ করবেন? অনেকেই মজা করে লিখেছেন, এমন ডিজাইন তাদের মায়েরা অনিচ্ছাসত্ত্বেও করে দেন। তবে কেউ কেউ দাবি করেছেন যে, কাপড়ের গুণমান ও ব্র্যান্ডের মূল্যের ওপর ভিত্তি করেই পোশাকের এই দাম নির্ধারণ করা হয়েছে।
বিরূপ প্রতিক্রিয়ার পাশাপাশি কিছু মানুষ ওই বিপণন সংস্থার পাশেও দাঁড়িয়েছেন। তাদের মতে, পোশাকের দাম নির্ধারণ সম্পূর্ণভাবে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সিদ্ধান্ত এবং কাপড়ের মানের ওপর নির্ভর করে। তবে অধিকাংশ গ্রাহকই এই অদ্ভুত ফ্যাশনকে গ্রহণ করতে নারাজ। লাখ টাকা খরচ করে এমন বিচিত্র শার্ট পরে হাসির পাত্র হওয়ার কোনো প্রয়োজন নেই বলে সাফ জানিয়েছেন অধিকাংশ ফ্যাশনপ্রেমী নেটিজেন।

