সাইবার জালিয়াতির কবলে খোদ দেশের প্রধান বিচারপতি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
জয়পুরে আয়োজিত একটি সেমিনারে প্রধান বিচারপতি সূর্য কান্ত প্রকাশ করেছেন যে, তিনি নিজেই সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। প্রতারকরা তার নামে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে এবং তার পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর বার্তা পাঠিয়েছে। এমনকি তার বোন এবং মেয়ের কাছেও প্রতারণামূলক বার্তা পাঠানো হয়েছিল, যা তদন্তের পর দেখা গেছে নাইজেরিয়ার মতো আন্তর্জাতিক চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
প্রধান বিচারপতি সতর্ক করেছেন যে, বর্তমানে সাইবার অপরাধীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেকের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। এর ফলে অপরাধীদের শনাক্ত করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। তার মতে, সাইবার অপরাধ কোনো ব্যক্তিগত সমস্যা নয়, বরং এটি একটি গুরুতর সমষ্টিগত হুমকি। বর্তমানে দেশে ৬৬ লক্ষেরও বেশি সাইবার জালিয়াতির অভিযোগ বিচারাধীন রয়েছে বলে তিনি জানান।
এই সংকট মোকাবিলায় বিচার বিভাগীয় প্রচেষ্টা এবং জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি। প্রযুক্তির অপব্যবহার রোধে আইনি ব্যবস্থার পাশাপাশি ব্যক্তিগত সতর্কতা অবলম্বন করাকে নিরাপত্তার মূল চাবিকাঠি হিসেবে বর্ণনা করেছেন। দেশ থেকে এই ধরনের আন্তর্জাতিক সাইবার হুমকি নির্মূল করতে বিচার বিভাগ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

