লেটেস্ট নিউজ

বাংলা ও তামিলনাড়ু থেকে আটক ৮ সন্দেহভাজন জঙ্গি, নেপথ্যে বাংলাদেশের লস্কর মডিউল

ভারতজুড়ে বড়সড় নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হয়েছে ৮ জন সন্দেহভাজনকে, যাদের মধ্যে ৭ জনই বাংলাদেশের নাগরিক। ধৃতদের কাছ থেকে ১৬টি সিম কার্ড, ৮টি মোবাইল ফোন এবং বেশ কিছু ভুয়ো আধার কার্ড উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃতরা লস্কর-ই-তৈবা এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতপুষ্ট একটি জঙ্গি মডিউলের সদস্য।

গোয়েন্দা সূত্রে খবর, এই মডিউলটি বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছিল। মূল পাণ্ডা হিসেবে উঠে এসেছে শাব্বির আহমেদ লোনের নাম, যে ইতিপূর্বে আত্মঘাতী হামলার চক্রান্তে জেল খেটেছিল। তামিলনাড়ুর তিরুপুর থেকে ৬ জনকে এবং পশ্চিমবঙ্গের মালদহ থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে মিনাজুর রহমান, মহম্মদ শবত ও উমর ফারুকের মতো ব্যক্তিরা রয়েছে। এরা মূলত পোশাক কারখানায় শ্রমিকের ছদ্মবেশে গা ঢাকা দিয়েছিল।

সম্প্রতি দিল্লি ও কলকাতার মেট্রো স্টেশনে বিতর্কিত স্লোগান সংবলিত বিক্ষোভের সূত্র ধরেই এই অভিযানের সূচনা হয়। সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট এবং সন্দেহভাজনদের গতিবিধি নজরদারি করে পুলিশ এই সাফল্য পেয়েছে। বর্তমানে ধৃতদের দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে। সীমান্তপার থেকে সইদুল ইসলাম নামক অপর এক হ্যান্ডলারের সঙ্গেও তাদের নিয়মিত যোগাযোগের প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *