লেটেস্ট নিউজ

বঙ্গে পরিবর্তনের ডাক দিল্লির মুখ্যমন্ত্রী রেখার, মমতার সরকারকে তীব্র আক্রমণ

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল সরকারের পতনের ভবিষ্যৎবাণী করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। রবিবার কলকাতায় বিজেপির এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি দাবি করেন, বাংলায় সন্ত্রাস ও দুর্নীতির রাজনীতির অবসান হতে চলেছে। এদিন দুপুরে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপি মহিলা মোর্চা আয়োজিত সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি কালীঘাট মন্দিরে পূজা দেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেখা গুপ্তা অভিযোগ করেন, রাজ্যে মা-বোনেদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং সাধারণ মানুষ প্রশাসনের নিষ্ক্রিয়তায় প্রতারিত বোধ করছেন। তিনি অনুপ্রবেশকারী ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে বলেন, অনুপ্রবেশকারীদের আড়ালে লুকিয়ে জনগণের কণ্ঠস্বর দমন করা সম্ভব নয়। তাঁর মতে, এবার বাংলার মানুষই বর্তমান শাসনের অবসান ঘটানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।

এদিনের সম্মেলনে রেখা গুপ্তার পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আয়োজিত এই সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, আসন্ন নির্বাচনে বাংলায় ক্ষমতার পরিবর্তন অবশ্যম্ভাবী। রাজ্য জুড়ে নারী নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতার অভাবকেই তিনি প্রধান নির্বাচনী ইস্যু হিসেবে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *