লেটেস্ট নিউজ

মেক্সিকোয় সেনা অভিযানে খতম কুখ্যাত মাদক সম্রাট এল মেনচো, রণক্ষেত্র জালিস্কো

মেক্সিকোর জালিস্কো প্রদেশে এক বিশাল সেনা অভিযানে নিহত হয়েছেন আন্তর্জাতিক স্তরে মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেস, যিনি ‘এল মেনচো’ নামে পরিচিত। গুয়াদালাহারার অদূরে তাপালপা শহরে বিশেষ বাহিনীর এই এনকাউন্টারে গুরুতর জখম হন তিনি। পরে মেক্সিকো সিটিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। প্রতিরক্ষা দফতর এই ঘটনাকে সংগঠিত অপরাধচক্রের বিরুদ্ধে একটি ‘বিশাল ধাক্কা’ হিসেবে বর্ণনা করেছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার সহায়তায় পরিচালিত এই অভিযানে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে রকেট লঞ্চার ও অত্যাধুনিক অস্ত্রসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে সেনা। এই রক্তক্ষয়ী লড়াইয়ে চারজন নিহত ও দুইজন গ্রেপ্তার হয়েছে, পাশাপাশি গুরুতর জখম হয়েছেন মেক্সিকোর তিন সেনাসদস্য। এল মেনচোর নেতৃত্বাধীন ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেল’ দীর্ঘদিন ধরে আমেরিকায় ভয়ংকর মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত ছিল।

এই কুখ্যাত নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জালিস্কোজুড়ে দাউদাউ করে জ্বলছে আগুন। মাদকচক্রের সদস্যরা বিভিন্ন হাইওয়েতে গাড়িতে আগুন লাগিয়ে রাস্তা অবরোধ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার প্রদেশের সমস্ত স্কুল ও বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্র পুয়ের্তো ভাল্লার্তায় ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেওয়ায় পর্যটক ও স্থানীয় নাগরিকদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *