বসন্তের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস, বঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শীতের বিদায়বেলায় রাজ্যে আবহাওয়ার বড়সড় বদল ঘটতে চলেছে। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের প্রভাবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টির সংকেত দিয়েছে হাওয়া অফিস। কলকাতায় আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ভ্রুকুটি থাকলেও শীত ফেরার কোনো সম্ভাবনা নেই, বরং আগামী দুই দিনে তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।
অন্যদিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বসন্তের আগমনে বাংলার আকাশে মেঘ-রোদের লুকোচুরির পাশাপাশি দিন ও রাতে গরম বাড়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। পাহাড় থেকে সমতল, সর্বত্রই এখন তাপমাত্রার ঊর্ধ্বমুখী গ্রাফ বজায় থাকবে।

