লেটেস্ট নিউজ

আধুনিক বাংলাদেশ গঠনে পাশে ভারত, কূটনৈতিক সম্পর্ক জোরদারে আশাবাদী দিল্লি

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত। রবিবার ঢাকায় বিদেশমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই বার্তা দেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি জানান, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বহুমাত্রিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং টেলিফোনে কথা বলেন। এছাড়া ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা সম্প্রতি ঢাকা সফর করে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন।

হাইকমিশনার প্রণয় ভার্মা জনকেন্দ্রীক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ করার বিষয়েও ভারত ইতিবাচক মনোভাব পোষণ করছে। ভবিষ্যতে দুই দেশ গঠনমূলক ও অগ্রসর চিন্তার ভিত্তিতে একসঙ্গে কাজ করবে বলে তিনি দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *