লেটেস্ট নিউজ

তরল সোনা থেকে লক্ষ কোটি ডলারের তহবিল, অনন্য নজির গড়ল নরওয়ে

উত্তর ইউরোপের দেশ নরওয়ে গত শতাব্দীর ষাটের দশকের শেষে উত্তর সাগরে বিপুল খনিজ তেলের ভাণ্ডার খুঁজে পায়। এই প্রাকৃতিক সম্পদ হাতে আসার পর তৎকালীন দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব রাতারাতি বিলাসিতায় গা ভাসাননি। বরং তেলের ওপর নির্ভরতা কমিয়ে ভবিষ্যৎ প্রজন্মের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা ‘গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল’ নামক একটি সার্বভৌম তহবিল গঠন করেন। এই দূরদর্শী সিদ্ধান্তের ফলেই আজ ‘নিশীথ সূর্যের দেশ’ নরওয়ে বিশ্বের অন্যতম ধনী ও সুখী রাষ্ট্রে পরিণত হয়েছে।

বর্তমানে এই বিশাল তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দুই লক্ষ কোটি মার্কিন ডলারে, যা ভারতের মোট জিডিপির প্রায় অর্ধেক। ১৯৯০ সালে বিশেষ আইন পাসের মাধ্যমে গঠিত এই প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজার, বন্ড এবং রিয়েল এস্টেটে বিনিয়োগ করে থাকে। ভারতেরও প্রায় ৯৬টি সংস্থার শেয়ার রয়েছে এই তহবিলের অধীনে। বর্তমানে তেল বা গ্যাস নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এই বিনিয়োগের লভ্যাংশ থেকেই তহবিলের অর্ধেকের বেশি আয় আসে।

অসলো প্রশাসনের এই ‘সাবধানি ব্যাটিং’ বা নিয়ন্ত্রিত সম্পদ উত্তোলনের নীতি দেশটির অর্থনীতিকে মুদ্রাস্ফীতি ও আন্তর্জাতিক তেলের বাজারের অস্থিরতা থেকে রক্ষা করেছে। প্রতি বছর তহবিলের মূলধনের একটি নির্দিষ্ট অংশ জাতীয় বাজেটে ব্যয় করা হয়, যা জনসেবা ও পরিকাঠামো উন্নয়নে কাজে লাগে। খনিজ সম্পদ একদিন ফুরিয়ে যাবে— এই বাস্তবতাকে মাথায় রেখেই নরওয়ে তাদের এই শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তুলেছে, যা প্রজন্মের পর প্রজন্মকে সুরক্ষা জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *