ট্রাম্পের নির্দেশে মেক্সিকোতে মার্কিন অভিযান, নিহত কুখ্যাত মাদক সম্রাট এল মেঞ্চো
ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে সক্রিয় হলো ডোনাল্ড ট্রাম্পের বাহিনী। আমেরিকার সরাসরি সামরিক হস্তক্ষেপে মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট নেমেসিয়ো ওসেগুয়েরা ওরফে ‘এল মেঞ্চো’ রবিবার নিহত হয়েছেন। মেক্সিকো কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছিল। প্রাক্তন পুলিশ কর্মকর্তা থেকে মাদক পাচারকারী হয়ে ওঠা এল মেঞ্চোর বিরুদ্ধে খুন ও মানব পাচারের মতো গুরুতর অভিযোগ ছিল।
জানুয়ারি মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর থেকেই মেক্সিকোকে সতর্ক করেছিল ট্রাম্প প্রশাসন। মাদক সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হস্তক্ষেপের যে ইঙ্গিত ট্রাম্প দিয়েছিলেন, রবিবারের অভিযানে তারই প্রতিফলন দেখা গেল। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে তাদের নেতৃত্বাধীন একটি বিশেষ টাস্ক ফোর্সের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এল মেঞ্চোর মৃত্যুর পর থেকেই মেক্সিকোর একাধিক প্রদেশে চরম উত্তেজনা বিরাজ করছে।
মেঞ্চোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেক্সিকো জুড়ে ব্যাপক অশান্তি ও অগ্নিসংযোগ শুরু হয়েছে। তার অনুগামীরা বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে দোকানপাট ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে এবং মেঞ্চোর মরদেহ কড়া পাহারায় মেক্সিকো সিটিতে আনা হয়েছে। বর্তমানে এই ভয়াবহ সহিংসতা দমন করাই প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

