লেটেস্ট নিউজ

ছাত্রীকে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগ, বালুরঘাটে নাক খত দিয়ে ক্ষমা চাইলেন শিক্ষক

বালুরঘাটের এক নামকরা উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রীকে রাতে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত শিক্ষক অনুপম মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ছাত্রীর হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হতেই স্কুলের অন্যান্য পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়ে এবং ওই শিক্ষককে ক্লাসরুমে আটকে রাখে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই শিক্ষক হাঁটু গেড়ে মেঝেতে নাক খত দিয়ে ক্ষমা চাইছেন এবং অভিযোগকারী ছাত্রী তাকে চড় মারছেন।

ভাইরাল ভিডিওটি চলতি বছরের জানুয়ারি মাসের ঘটনা বলে জানা গেছে। ঘটনার দিন শিক্ষক ক্লাসে প্রবেশ করলে ছাত্রীরা ঘর বন্ধ করে তাকে ঘিরে ধরে জবাবদিহি চায়। নিজের অপরাধ স্বীকার করে নিয়ে সেখানে সকলের সামনে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি। এই ঘটনার পুরো দৃশ্যটি পড়ুয়ারা মোবাইলে বন্দি করে রাখে, যা পরবর্তীতে ইন্টারনেটে ছড়িয়ে পড়লে শহরজুড়ে শোরগোল পড়ে যায়। তবে ভিডিওটির সত্যতা এখনো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্কুল কর্তৃপক্ষ এই ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৃজিত সাহা জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে এবং তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্কুল পরিচালন সমিতির সভাপতি সুভাষ চাকি জানিয়েছেন, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে পরীক্ষা চলায় এবং অভিযুক্ত শিক্ষকের ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *