যৌন হেনস্তার অভিযোগ তুলতেই মোটা টাকার প্রলোভন! কী লুকোতে চাইছিলেন সিপিএমের আইনজীবী
কলকাতা হাইকোর্ট সংলগ্ন এলাকায় সিপিএম ঘনিষ্ঠ এক প্রভাবশালী আইনজীবীর বিরুদ্ধে মহিলা জুনিয়রকে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারিণীর দাবি, ওই আইনজীবী নিজের চেম্বারের গোপন কক্ষে দীর্ঘ দিন ধরে নারীঘটিত অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছেন। সম্প্রতি এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক ও আইনি মহলে। বাম নেতা মহম্মদ সেলিমকে চিঠি দিয়ে জনৈক মহিলা আইনজীবী তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
আসামর্থিত সূত্রের খবর, বিষয়টি ধামাচাপা দিতে এবং অভিযোগ তুলে নেওয়ার জন্য নির্যাতিতাকে ২৫ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে অভিযোগকারিণী সেই প্রস্তাবে সাড়া দেননি বলে জানা গিয়েছে। অভিযোগ রয়েছে, মধ্য কলকাতার ওই চেম্বারে প্রায় ৩০ জন মহিলা জুনিয়র কাজ করেন, যাদের অনেককেই প্রভাব খাটিয়ে হেনস্তা করা হতো। গভীর রাত পর্যন্ত সেখানে বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত থাকত বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
অভিযুক্ত আইনজীবীর স্ত্রী পেশায় চিকিৎসক এবং তিনি বর্তমানে ভিনরাজ্যে থাকেন। আইনজীবীর এই আচরণের কথা জানাজানি হওয়ার পর আরও কয়েকজন মহিলা জুনিয়র মুখ খোলার সাহস পাচ্ছেন। যদিও এখন পর্যন্ত পুলিশের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি। প্রভাবশালী ওই আইনজীবীর বিরুদ্ধে ওঠা এই কেলেঙ্কারি নিয়ে বাম শিবিরের অন্দরেও অস্বস্তি বাড়ছে, তবে দলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

