লেটেস্ট নিউজ

ট্রাম্পের শুল্ক নীতিতে আদালতের স্থগিতাদেশ, চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার

আমেরিকার শুল্ক নীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে সে দেশের আদালত স্থগিতাদেশ দেওয়ায় বিশ্ববাজারের পাশাপাশি চাঙ্গা হয়ে উঠেছে ভারতের শেয়ারবাজার। বিগত কয়েক দিনের অস্থিরতা কাটিয়ে সোমবার সপ্তাহের শুরুতেই সেনসেক্স ও নিফটি ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ট্রাম্পের প্রস্তাবিত অতিরিক্ত শুল্কের হার আদালত অসাংবিধানিক ঘোষণা করায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। ফলে বাজার খোলার পর থেকেই সূচকের গ্রাফ রকেটের গতিতে ছুটতে শুরু করেছে।

এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৮২৯০৬ পয়েন্টে যাত্রা শুরু করে দ্রুত ৮৩৪৮৬ পয়েন্টের ঘরে পৌঁছে যায়। নিফটিও উল্লেখযোগ্য উত্থানের মাধ্যমে ২৫৭৭১ পয়েন্ট স্পর্শ করেছে। লেনদেনের শুরুর দিকে প্রায় ১৬৭৬টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, যার বিপরীতে পতন হয়েছে মাত্র ৮৩০টি স্টকের। জাপানের বাজার ছাড়া এশিয়ার প্রায় প্রতিটি দেশের বাজারেই এদিন ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।

বড় সংস্থাগুলির মধ্যে আদানি পোর্টস, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এইচডিএফসি-র শেয়ারে ২ শতাংশের বেশি মুনাফা দেখছেন বিনিয়োগকারীরা। এছাড়া মিডক্যাপ ও স্মলক্যাপ বিভাগে ভারত ফোর্জ ও কোহ্যান্সের মতো শেয়ারগুলি বিনিয়োগকারীদের বাম্পার রিটার্ন দিচ্ছে। ট্রাম্পের ট্যারিফ জটিলতা সাময়িকভাবে কাটতেই লার্জক্যাপ থেকে শুরু করে পলিসি বাজারের মতো স্টকের দাম বাড়ায় কয়েক হাজার কোটি টাকার লোকসান কাটিয়ে ফের লাভের মুখ দেখছে দালাল স্ট্রিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *