জয়ের মাঝেও সতর্কবার্তা! মেক্সিকোর ঘটনায় ট্রাম্প কী ইঙ্গিত দিলেন
মেক্সিকোর গুয়াদালাজারা শহরের তাপালপা অঞ্চলে এক রুদ্ধশ্বাস সেনা অভিযানে মৃত্যু হয়েছে কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেস ওরফে এল মেনচোর। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক কারবারিদের সঙ্গে সেনার দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে। সংঘর্ষে মেনচোসহ পাঁচজন নিহত এবং তিন সেনাকর্মী গুরুতর জখম হয়েছেন। ঘটনাস্থল থেকে রকেট লঞ্চার ও সাঁজোয়া যানসহ বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
এই সাফল্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক কারবারিদের কটাক্ষ করে বিজয়বার্তা দিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকায় মাদক পাচারকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসন বদ্ধপরিকর। উল্লেখ্য, আন্তর্জাতিক মাদক চক্রের অন্যতম পান্ডা মেনচোর মাথার দাম ১৫ মিলিয়ন ডলার ধার্য করেছিল আমেরিকা।
ফেন্টানিলসহ বিভিন্ন মরণঘাতী মাদক পাচারের অভিযোগে দীর্ঘ দিন ধরেই মেক্সিকো ও কলম্বিয়ার ওপর ক্ষুব্ধ ট্রাম্প। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই তিনি মাদক নির্মূলে কড়া অবস্থান নিয়েছেন। ইতিপূর্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তুলেছিলেন তিনি। মেক্সিকোর এই বড়সড় অভিযানের পর ট্রাম্পের বার্তা স্পষ্ট করে দিল যে, মাদক পাচার রুখতে ওয়াশিংটন কোনো আপস করবে না।

