ট্রাম্পের রিসর্টে হামলাকারী তাঁরই সমর্থক, নেপথ্যে এপস্টেইন কাণ্ডের ক্ষোভ
ফ্লোরিডার মার-এ-লাগো রিসর্টে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টাকারী ২১ বছর বয়সী তরুণ অস্টিন টাকার মার্টিন আদতে মার্কিন প্রেসিডেন্টের একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, সম্প্রতি প্রকাশ্যে আসা এপস্টেইন ফাইলের বিতর্কিত নথি পড়ার পর থেকেই ট্রাম্পের ওপর চরম ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন ওই যুবক। সেই আক্রোশ থেকেই তিনি এই প্রাণঘাতী হামলার পরিকল্পনা করেছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
রবিবার সকালে পাম বিচের রিসর্টে প্রবেশের সময় সিক্রেট সার্ভিসের গুলিতে মার্টিন নিহত হন। তাঁর পরিবার এবং সহকর্মীদের মতে, মার্টিন শান্ত স্বভাবের হলেও এপস্টেইন কাণ্ডে অভিযুক্তদের প্রতি তাঁর তীব্র ঘৃণা জন্মেছিল। ব্যক্তিগত বার্তায় তিনি এই অভিযুক্তদের ‘শয়তান’ হিসেবেও আখ্যা দিয়েছিলেন। তবে তাঁর পরিবারের দাবি, তিনি কোনোদিন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে জানতেন না।
অতীতেও একাধিকবার ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে। ২০২৪ সালে পেনসিলভ্যানিয়ার নির্বাচনী জনসভায় এবং পরবর্তীতে গল্ফ কোর্সেও তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছিল। বর্তমান এই ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো এই ঘটনার সঙ্গে অন্য কারো যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখছে।

