ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি, জারি হয়েছে হেল্পলাইন নম্বর
ইরান ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাস থেকে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করে নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বিক্ষোভ বা জনসমাবেশ এড়িয়ে চলা এবং তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার ওপর জোর দিয়েছে বিদেশ মন্ত্রক।
জরুরি সহায়তার জন্য দূতাবাস বেশ কিছু হেল্পলাইন নম্বর (+৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯) চালু করেছে। নাগরিকদের পাসপোর্ট, পরিচয়পত্রসহ সমস্ত প্রয়োজনীয় ভ্রমণ নথি হাতের কাছে রাখার পাশাপাশি দূতাবাসের অনলাইন পোর্টালে তথ্য নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে গত জানুয়ারি মাসে জারি করা সতর্কবার্তাও পুনর্বহাল করেছে ভারত সরকার।
অন্যদিকে, আন্তর্জাতিক মহলে এই সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। পরমাণু ও নিরাপত্তা ইস্যুতে আগামী ২৬ ফেব্রুয়ারি জেনেভায় দুই দেশের পরবর্তী বৈঠকের কথা থাকলেও বর্তমানে উপসাগরীয় অঞ্চলে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। স্থানীয় সংবাদমাধ্যমের ওপর নজর রেখে ভারতীয়দের নিরাপদ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

