লেটেস্ট নিউজ

মালদহে কোটি টাকার বিরল ‘লাভ ড্রাগস’ উদ্ধার, পুলিশের জালে দুই আন্তর্জাতিক পাচারকারী

মালদহের কালিয়াচকে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের আন্তর্জাতিক মানের বিরল মাদক MDMA বা ‘লাভ ড্রাগস’ উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে কালিয়াচকের কালিকাপুর এলাকা থেকে ৪৫৩ গ্রাম এই মাদকসহ মহম্মদ সামাউল হক ও মোবারক হোসেন নামে দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলায় এই প্রথমবার উচ্চবিত্তের নেশার আসরে ব্যবহৃত এই ঘাতক মাদকের হদিস মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে।

তদন্তে জানা গেছে, মেক্সিকো ও কলম্বিয়ার মতো দেশে প্রচলিত এই মাদক বাংলাদেশ সীমান্ত হয়ে কালিয়াচকে ঢুকেছিল। ধৃতদের পরিকল্পনা ছিল ঝাড়খণ্ডের রাঁচি অথবা নেপালে এই বিপুল পরিমাণ মাদক পাচার করার। সাধারণত রেভ পার্টি বা ডান্স বারে ব্যবহৃত এই ড্রাগসের বাজারমূল্য সাধারণ ব্রাউন সুগারের তুলনায় অন্তত ছয় গুণ বেশি।

মালদহ জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, বছরের শুরুতেই এটি পুলিশের একটি বড় সাফল্য। এই চক্রের মূল শিকড় খুঁজতে তদন্ত শুরু হয়েছে এবং আন্তর্জাতিক পাচারকারীদের সঙ্গে ধৃতদের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। মালদহ সীমান্তকে ব্যবহার করে মাদক পাচারের এই নতুন মরণফাঁদ রুখতে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *