যুবসাথী প্রকল্পে ব্যাপক সাড়া: ৯ দিনে আবেদন জমা পড়ল ৬১ লক্ষের বেশি
রাজ্য বাজেটে ঘোষিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প ‘যুবসাথী’-তে আবেদনকারীদের ভিড় উপচে পড়ছে। ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীদের জন্য নির্ধারিত এই প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়া গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।
প্রকল্পটি চালু হওয়ার মাত্র ৯ দিনের মধ্যেই রাজ্যজুড়ে ব্যাপক সাড়া মিলেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত সমগ্র পশ্চিমবঙ্গে আবেদনকারীর সংখ্যা ৬১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এই বিপুল সংখ্যক আবেদনের মধ্য দিয়ে প্রকল্পের প্রাসঙ্গিকতা ও জনমানসে এর গ্রহণযোগ্যতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি কলকাতাতেও এই প্রকল্পের প্রতি তরুণ প্রজন্মের বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, গত সোমবার পর্যন্ত শুধুমাত্র কলকাতা থেকেই প্রায় ২ লক্ষ আবেদন জমা পড়েছে। আগামী কয়েক দিনে এই সংখ্যা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

