কেরলের নাম বদল হতেই মেজাজ হারালেন মমতা, সিপিএম-বিজেপি আঁতাঁত নিয়ে তুললেন বিস্ফোরক অভিযোগ – এবেলা
এবেলা ডেস্কঃ
কেরলের নাম বদলে ‘কেরলম’ করার কেন্দ্রীয় সিদ্ধান্তে সায় মিললেও ঝুলে রয়েছে পশ্চিমবঙ্গের ‘বাংলা’ হওয়ার প্রস্তাব। এই বৈষম্য নিয়েই এবার রণংদেহি মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেরলে সিপিএম ও বিজেপির মধ্যে এখন আর অলিখিত নয়, বরং ‘লিখিত জোট’ হয়ে গিয়েছে। আর সেই খাতিরেই দ্রুত ছাড়পত্র পেয়েছে পিনারাই বিজয়ন সরকারের প্রস্তাব।
বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, ২০১৮ সাল থেকে বিধানসভায় একাধিকবার বিল পাশ করিয়ে রাজ্যের নাম ‘বাংলা’ করার আবেদন জানানো হলেও কেন্দ্র তা আটকে রেখেছে। তাঁর কথায়, “নামের আদ্যক্ষর ‘W’ হওয়ায় আমাদের পড়ুয়াদের ইন্টারভিউতে শেষে বসতে হয়, এমনকি মুখ্যমন্ত্রী হিসেবে আমাকেও সব বৈঠকে শেষে বলার সুযোগ দেওয়া হয়। এটা বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ওপর বড় আঘাত।”
যুক্তি ও পালটা যুক্তি
কেন্দ্রের পক্ষ থেকে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে নামের মিল থাকার কারণে বিভ্রান্তির অজুহাত দেওয়া হলেও তা নস্যাৎ করেছেন মমতা। তাঁর পালটা যুক্তি, “পাঞ্জাব তো পাকিস্তানেও আছে, আবার ভারতেও আছে। তবে বাংলার ক্ষেত্রে কেন এই বিমাতৃসুলভ আচরণ?” ২০২৬-এর বিধানসভা ভোটের আগে এই নাম বদল ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্র-রাজ্য সংঘাত যে আরও তীব্র হতে চলেছে, তা মুখ্যমন্ত্রীর এই আক্রমণাত্মক অবস্থান থেকেই স্পষ্ট।
