শচীনকে ভুল আউট দেওয়ার অনুশোচনা ২২ বছর পর স্বীকার করলেন আম্পায়ার স্টিভ বাকনার – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202611:26 am
ক্রিকেট বিশ্বের ঈশ্বর শচীন টেন্ডুলকারকে ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়েছিল বহুবার। তবে দুই দশক পেরিয়ে অবশেষে নিজের ভুল স্বীকার করলেন কিংবদন্তি আম্পায়ার স্টিভ বাকনার। ২০০৩-০৪ মরসুমে ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়ার বিপক্ষে জেসন গিলেস্পির বলে শচীনকে এলবিডব্লিউ (LBW) দিয়েছিলেন তিনি। রিপ্লেতে দেখা গিয়েছিল বল স্টাম্পের অনেক ওপর দিয়ে যাচ্ছিল।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাকনার জানান, সেই সিদ্ধান্তটি তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় ভুল ছিল। তিনি বলেন, “সেটি ভুল ছিল, কিন্তু আজও মানুষ প্রতিদিন এটা নিয়ে কথা বলে। মানুষ ভুল করতেই পারে, জীবন থেমে থাকে না।”
উল্লেখ্য, শুধু গাব্বায় নয়, ২০০৫ সালে ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও শচীনকে ভুলভাবে ক্যাচ আউট দিয়েছিলেন এই জামাইকান আম্পায়ার। ১২৮টি টেস্টে আম্পায়ারিং করা এবং টানা পাঁচটি বিশ্বকাপ ফাইনাল পরিচালনার রেকর্ডধারী বাকনারের এই স্বীকারোক্তি ক্রিকেট মহলে নতুন করে শোরগোল ফেলেছে।

