ভাঙড়ে বিপুল পরিমাণ তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২ – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202612:53 pm
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে এক বিশেষ অভিযানে বড়সড় সাফল্য পেল বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। সোমবার রাতে বানিয়ারা খানপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও ২৮টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ছিল এবং তিনটি কৌটো থেকে বোমাগুলি উদ্ধার করা হয়।
এই ঘটনায় শামীম খান ও হাকিম শেখ নামে দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুষ্কৃতীদের কাছে বিক্রির উদ্দেশ্যে ওই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক মজুত করা হয়েছিল। ধৃতরা এই অস্ত্র রাখার সপক্ষে কোনো বৈধ নথি বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।
পুলিশের তৎপরতায় বড়সড় কোনো নাশকতার ছক বানচাল করা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার নেপথ্যে থাকা চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

