মালদহে চাঞ্চল্য: ফেক প্রোফাইলের প্রতিবাদ করায় সহপাঠীর মারে মৃত্যু ছাত্রের – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদহের মানিকচক থানার সাহেবনগর এলাকায় ভুয়ো ফেসবুক প্রোফাইল খোলার প্রতিবাদ করায় প্রাণ হারাল দশম শ্রেণীর ছাত্র সোহেল। অভিযোগ, বন্ধু আমরাজ সোহেলের ছবি ব্যবহার করে একটি ফেক প্রোফাইল তৈরি করে স্থানীয় তরুণীদের কুরুচিপূর্ণ মেসেজ পাঠাত। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে গত রবিবার আমরাজ ও তার বাবা শেখ ফিজুর লাঠি ও বাঁশ নিয়ে সোহেলের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ।
গুরুতর জখম অবস্থায় সোহেলকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল ও পরে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল, যেখানে মঙ্গলবার তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে।
অভিযুক্ত আমরাজ ও তার বাবা ঘটনার পর থেকেই পলাতক। মানিকচক থানার পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। সাইবার অপরাধ এবং খুনের ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

