বিএসএনএল ডিরেক্টরের প্রয়াগরাজ ভ্রমণে ‘রাজকীয় সেবা’, কড়া পদক্ষেপ কেন্দ্রের – এবেলা
এবেলা ডেস্কঃ
বিএসএনএল-এর ডিরেক্টর বিবেক বানজালের প্রয়াগরাজ ভ্রমণকে কেন্দ্র করে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তাঁর সফরের সময় প্রায় ৫০ জন ইঞ্জিনিয়ার ও কারিগরি কর্মীকে ব্যক্তিগত সেবায় নিযুক্ত করা হয়েছিল। স্নানের সামগ্রী থেকে শুরু করে অন্তর্বাস ও চুলের তেল জোগাড়ের মতো কাজে কর্মীদের ব্যবহারের বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়।
কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এই আচরণকে প্রতিষ্ঠিত নিয়মের চরম লঙ্ঘন এবং অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। যদিও বিএসএনএল জানিয়েছে, বিতর্ক দানা বাঁধার আগেই সফরটি সংক্ষিপ্ত করা হয়েছিল। তবে সরকারি সম্পদের এমন অপব্যবহারের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে মন্ত্রক।
এই ঘটনার প্রেক্ষিতে বিএসএনএল একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানিয়েছে যে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের পেশাদার মান ও নীতি বজায় রাখতে কর্মীদের কঠোরভাবে আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে নতুন করে নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ।

