ডাক্তারি পড়ার চাপে চরম নৃশংসতা! বাবাকে টুকরো করে খুনের পর রুম ফ্রেশনার ছড়াল ছেলে – এবেলা
এবেলা ডেস্কঃ
লখনউয়ের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে উঠে এল হাড়হিম করা তথ্য। নিট (NEET) পরীক্ষার চাপ আর বাবার কড়া অনুশাসনে অতিষ্ঠ হয়ে ২১ বছরের অক্ষত প্রতাপ সিং ঘটিয়েছেন এই নারকীয় কাণ্ড। ২০ ফেব্রুয়ারি ভোরে বিবাদের জেরে বাবাকে গুলি করার পর, প্রমাণ লোপাটে কাটার মেশিন দিয়ে দেহ টুকরো টুকরো করেন তিনি। দুর্গন্ধ ঢাকতে ঘরে ছড়ানো হয় রুম ফ্রেশনার। এমনকি খুনের পর নিজেই থানায় গিয়ে বাবার নিখোঁজ ডায়েরি করেছিলেন ওই যুবক।
তদন্তে জানা গেছে, মায়ের রহস্যজনক মৃত্যুর পর থেকেই বেপরোয়া হয়ে উঠেছিলেন অক্ষত। নেশার আসক্তি এবং ঘরোয়া অশান্তি চরমে পৌঁছানোয় এই খুনের ছক কষা হয়েছিল আগেই। অভিযুক্তের বোনের বয়ান ও মোবাইল লোকেশনের সূত্র ধরে চারদিন পর উদ্ধার হয় দেহাংশ। পুলিশ খতিয়ে দেখছে পুরনো চুরির ঘটনা এবং অক্ষতর ব্যাঙ্ক অ্যাকাউন্টে হওয়া রহস্যময় লেনদেনও।

