ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতি: নাম বাদ পড়ার আশঙ্কায় সরব মুখ্যমন্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
বুধবার ভবানীপুরে জৈন সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা, এই প্রক্রিয়ার জেরে রাজ্যজুড়ে প্রায় এক কোটি ২০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। বিষয়টি নিয়ে তিনি ইতিপূর্বেই দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন বলে সভায় উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী জানান, প্রথমে ৫৮ লক্ষ এবং পরবর্তীতে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র নামে আরও কয়েক লক্ষ নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। ২৮ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশের পর পরিস্থিতি কী দাঁড়াবে, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে Supreme \titleonly কোর্টে সওয়াল করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, আদালতের নির্দেশের পরেও কেন সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়, তবে তিনি তাঁদের পাশে দাঁড়াবেন। দলমত ও ধর্ম নির্বিশেষে প্রত্যেকের ভোটাধিকার সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, চূড়ান্ত তালিকায় বড়সড় কোনো অসঙ্গতি ধরা পড়লে তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।

