লেটেস্ট নিউজ

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ওমর আবদুল্লা – এবেলা

এবেলা ডেস্কঃ

কেরলের নাম বদলে ‘কেরলম’ করার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেত মেলার পরই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি নতুন করে জোরালো হয়েছে। বুধবার শ্রীনগরে এক অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই দাবিকে সমর্থন জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে পাঠানো প্রস্তাবটি কেন্দ্রের অবিলম্বে গ্রহণ করা উচিত। এক রাজ্যের ক্ষেত্রে অনুমোদন দিলে অন্য রাজ্যের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রস্তাব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসন্তোষের আবহে আবদুল্লার এই মন্তব্য রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট জানান, যদি কোনো রাজ্য নিজের নতুন নাম চায়, তবে সেই গণতান্ত্রিক ইচ্ছাকে কেন্দ্রের সম্মান জানানো উচিত। কেরলের প্রস্তাব অনুমোদিত হওয়ায় এখন পশ্চিমবঙ্গের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

অন্যদিকে, জম্মু ও কাশ্মীর সফরে আসছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। বৃহস্পতিবার কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁর যোগদানের বিষয়টি নিশ্চিত করে ওমর আবদুল্লা জানান, এই সফর শিক্ষার্থীদের উৎসাহিত করবে। কেরলের নাম পরিবর্তনের পর পশ্চিমবঙ্গের দাবি ঘিরে জাতীয় রাজনীতিতে এখন নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *