রাজ্যে আবহাওয়ার ভোলবদল: দোলের আগেই বাড়বে গরম, পাহাড়ে তুষারপাত – এবেলা
এবেলা ডেস্কঃ
February 26, 202610:19 am
আগামী সাতদিন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস জানান, বৃষ্টির সম্ভাবনা না থাকায় মার্চের শুরু থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আগামী কয়েক দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
বিপরীত চিত্র দেখা যাবে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী দুই-তিন দিনের মধ্যে উত্তরবঙ্গেও তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এর ফলে শীতের আমেজ বিদায় নিয়ে রাজ্যজুড়ে গরম অনুভূত হবে।
আবহাওয়াবিদদের মতে, চলতি বছর বাংলায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। বিশেষ করে এপ্রিল ও মে মাসে কলকাতা-সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা অস্বাভাবিক বাড়তে পারে। গত বছরের মতো এবারও চরম গরমে জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

