ডুয়ার্সে শুটিং চলাকালীন সাংবাদিকদের হেনস্তা: কাঠগড়ায় দেবের শুটিং ইউনিট – এবেলা
এবেলা ডেস্কঃ
February 26, 202610:45 am
জলপাইগুড়ির ডুয়ার্সে অভিনেতা দেবের নতুন ছবির শুটিংকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। শুটিংয়ের খবর সংগ্রহ করতে গিয়ে চূড়ান্ত অপদস্থ হতে হলো স্থানীয় সাংবাদিকদের। শুটিং ইউনিটের কর্মীদের বিরুদ্ধে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সাথে অত্যন্ত অভদ্র আচরণ ও বচসায় জড়ানোর অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের প্রথমে বাধা দেওয়া হয়। বচসা চলাকালীন ইউনিটের রম্মানী নামক এক মহিলা কর্মী সাংবাদিকদের লক্ষ্য করে অত্যন্ত কুরুচিকর ও অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ। বিনা প্ররোচনায় এই ধরনের অশালীন আচরণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত সংবাদকর্মীরা।
এই অপ্রীতিকর পরিস্থিতির জেরে শুটিং ইউনিটের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সাংবাদিকদের অপদস্থ করার ঘটনায় স্থানীয় সংবাদমাধ্যম মহলে নিন্দার ঝড় বইলেও, শুটিং ইউনিটের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা দুঃখপ্রকাশ করা হয়নি। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে।

