সাতসকালে চাকদহে আয়কর হানা! কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে প্লাইউড ব্যবসায়ীর বাড়ি ও কারখানা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 26, 202611:22 am
নদিয়ার চাকদহে সাতসকালে আয়কর দপ্তরের ঝটিকা অভিযানে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার ভোরে প্লাইউড ব্যবসায়ী টোটন দত্তের বাড়ি ও কারখানায় হানা দেন আয়কর আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর চারজন সশস্ত্র জওয়ানকে সঙ্গে নিয়ে এই তল্লাশি অভিযান চালানো হয়।
এদিন সকালে চাকদহ শহরের ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর দুর্গানগর এলাকায় টোটন দত্তের বাড়িতে পৌঁছান চারজন আয়কর আধিকারিক। মুহূর্তের মধ্যে পুরো বাড়ি ঘিরে ফেলেন জওয়ানরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টোটন দত্ত এলাকার একজন প্রতিষ্ঠিত প্লাইউড ব্যবসায়ী এবং দীর্ঘকাল ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর একাধিক দোকান ও কারখানা রয়েছে।
তদন্তকারীরা ব্যবসায়ীকে সঙ্গে নিয়েই তাঁর বসতবাড়ি এবং কারখানার বিভিন্ন অংশে তল্লাশি চালান। ঠিক কী কারণে বা কোন আর্থিক অসঙ্গতির জেরে এই হানা, তা নিয়ে আয়কর দপ্তরের পক্ষ থেকে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে হঠাৎ করে এই তল্লাশি অভিযানে টোটন দত্ত কোনো বড়সড় আর্থিক কেলেঙ্কারি বা জালিয়াতিতে জড়িয়ে পড়েছেন কি না, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। সাতসকালেই কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা এবং আয়কর হানা দেখে রীতিমতো হকচকিয়ে গিয়েছেন পাড়া-প্রতিবেশীরাও।

