শান্তি বজায় রাখতে ভাঙড়ে বিজয়গঞ্জ থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
অশান্ত ভাঙড়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন থানার পথচলা শুরু হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ভার্চুয়ালি বিজয়গঞ্জ বাজার থানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতদিন উত্তর কাশিপুর থানা থেকেই এই অঞ্চলের যাবতীয় প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হতো। নতুন এই থানাটি চালু হওয়ায় স্থানীয় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, বিজয়গঞ্জ বাজার থানার অধীনে মূলত ভাঙড় দুই ব্লকের ভোগালী ও চালতা বেড়িয়া এলাকা অন্তর্ভুক্ত থাকবে। এলাকার ভৌগোলিক অবস্থান এবং গুরুত্ব বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষ দ্রুত পুলিশি পরিষেবা পাবেন এবং অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশ আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারবে।
নবগঠিত এই বিজয়গঞ্জ থানার দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ পুলিশ আধিকারিক অংশুমান রায়কে। এর আগে তিনি ওয়াটগঞ্জ থানায় সাফল্যের সঙ্গে কর্মরত ছিলেন। নতুন থানার দায়িত্বভার গ্রহণ করে তিনি এলাকার শান্তি-সম্প্রীতি বজায় রাখাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। প্রশাসনিক এই পদক্ষেপকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

