লেটেস্ট নিউজ

জামাইয়ের আনা কাগজে সই করতেই সব শেষ! শাশুড়ির রহস্যমৃত্যুতে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

হরিহরপাড়া: মঙ্গলবার আচমকাই বাড়িতে হাজির হয়েছিল জামাই। হাতে ছিল একটি কাগজ। তাতে শাশুড়িকে দিয়ে সই করিয়ে নেওয়ার ঠিক পরের দিনই উদ্ধার হল প্রৌঢ়ার ঝুলন্ত দেহ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর মামুদপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে দানা বেঁধেছে গভীর রহস্য।

নিহত মহিলার নাম নীলিমা হোর (৪৮)। পরিবার সূত্রে জানা গেছে, মাস ছয়েক আগে কাশিমবাজার এলাকায় জামাইয়ের বাড়ি থেকে বিতাড়িত হয়ে বাপের বাড়িতে বৃদ্ধা মায়ের সঙ্গেই থাকছিলেন নীলিমা দেবী। স্থানীয়দের দাবি, মঙ্গলবার জামাই এসে তাঁকে দিয়ে একটি কাগজে সই করিয়ে নিয়ে যান। এর কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার সকালে নিজের শোওয়ার ঘর থেকে তাঁর ওড়না জড়ানো দেহ উদ্ধার হয়।

পরিবারের সদস্যদের চোখে পড়ার পরই খবর দেওয়া হয় থানায়। হরিহরপাড়া থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই রহস্যময় কাগজে ঠিক কী লেখা ছিল এবং কেনই বা সই করানো হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

জামাইয়ের গতিবিধি এবং ওই সই করা কাগজের সঙ্গে মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার শিকড়ে পৌঁছতে চাইছে প্রশাসন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *