লেটেস্ট নিউজ

বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট অভিযান: রণক্ষেত্র ধর্মতলা – এবেলা

এবেলা ডেস্কঃ

Supreme \titleonly কোর্টের নির্দেশ সত্ত্বেও ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) না মেলায় বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে কলকাতা। বকেয়া আদায়ের দাবিতে কয়েক হাজার সরকারি কর্মী কালীঘাট অভিযানের ডাক দিলে পুলিশ মিউজিয়ামের সামনে ব্যারিকেড দিয়ে পথ আটকায়। এর প্রতিবাদে আন্দোলনকারীরা ডোরিনা ক্রসিংয়ে বসে পড়ে রাজপথ অবরোধ করেন। ফলে মধ্য কলকাতায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবকে সশরীরে এসে আলোচনায় বসতে হবে। শীর্ষ আদালতের রায় অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ কর্মীদের আইনি অধিকার। রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করছে বলে অভিযোগ তুলে কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে। এই সংহতি সভায় আরজি করের নির্যাতিতার বাবা-মাও উপস্থিত ছিলেন।

পুলিশি বাধার মুখে আন্দোলনকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন। তাঁরা জানিয়েছেন, দ্রুত বকেয়া না মেটানো হলে আগামী দিনে বাড়ি বাড়ি গিয়ে সরকারের বিরোধিতা করবেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিকল্প পথে যানবাহন ঘুরিয়ে দিলেও ধর্মতলা চত্বরে উত্তেজনা বজায় রয়েছে। প্রশাসন আলোচনার পথে না হাঁটা পর্যন্ত কর্মীরা রাস্তা ছাড়তে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *