একযোগে ২৩ পুলিশ কর্তার বদলি, রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক
রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। একযোগে ২৩ জন আইপিএস এবং পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। এই রদবদলের তালিকায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ জেলার নাম।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষার বিশেষ দায়িত্বে আনা হয়েছে পারিজাত বিশ্বাসকে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মিতুন দে-কে। তাঁকে জিআরপি খড়গপুর ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার পদের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে।
পরিবর্তন এসেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটেও। ব্যারাকপুরের ডিসি সাউথ হিসেবে দায়িত্ব সামলাবেন দ্যুতিমান ভট্টাচার্য। পাশাপাশি, ওই কমিশনারেটেরই ডিএসি-এসপি পদে বদলি করা হয়েছে পাপিয়া সুলতানাকে। প্রশাসনের পক্ষ থেকে এটিকে রুটিন বদলি বলা হলেও, নির্বাচনের আগে বা বিশেষ পরিস্থিতিতে এই ধরণের বড় রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

