রাজ্যজুড়ে লাগাতার বোমাতঙ্ক: তদন্তে নামল লালবাজারের স্পেশ্যাল টাস্ক ফোর্স – এবেলা
এবেলা ডেস্কঃ
মঙ্গলবার থেকে কলকাতা ও বিভিন্ন জেলার আদালতসহ সরকারি দপ্তরে ইমেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার খাস কলকাতার পাসপোর্ট অফিস ও একাধিক পোস্ট অফিসেও একই ধরনের হুমকি বার্তা আসায় আতঙ্ক চরমে পৌঁছায়। যদিও তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু মেলেনি, তবে বারবার এই ঘটনায় ব্যাহত হচ্ছে সরকারি কাজকর্ম।
পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও সাইবার শাখা যৌথ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে অনুমান, প্রেরক ভিপিএন (VPN) বা বিদেশি সার্ভার ব্যবহার করে পরিচয় গোপন রাখার চেষ্টা করছে। ভিন্ন ভিন্ন ইমেল আইডি থেকে আসা এই বার্তাগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট যোগসূত্র বা অপরাধমূলক ছক রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
আদালত চত্বর ও গুরুত্বপূর্ণ অফিসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড দিয়ে চিরুনি তল্লাশি চললেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। তদন্তের গোপনীয়তা বজায় রেখে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে প্রশাসন। নিছক আতঙ্ক ছড়ানো নাকি এর নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে, তা নিয়ে ধন্দ কাটেনি।

