মৃত মাকে নিয়ে চরম কুৎসিত আক্রমণ! অপমানে বিদ্ধ হয়ে সোশ্যাল মিডিয়া ত্যাগের কঠিন সিদ্ধান্ত ইমন চক্রবর্তীর – এবেলা
এবেলা ডেস্কঃ
জাতীয় পুরস্কারজয়ী সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে ঘিরে তৈরি হয়েছে এক চরম বিতর্কিত ও বেদনাদায়ক পরিস্থিতি। নিজের ব্যক্তিগত জীবনের হাসি-কান্নার মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন ইমন। কিন্তু এবার এক নেটিজেনের কুরুচিপূর্ণ মন্তব্য সেই অভ্যাসে ইতি টানতে বাধ্য করল তাঁকে। নিজের ব্যক্তিগত ছবি বা ভিডিও আর কোনোদিন সামাজিক মাধ্যমে আপলোড করবেন না বলে সাফ জানিয়ে দিলেন গায়িকা।
আঘাত যখন ব্যক্তিগত
ঘটনার সূত্রপাত ইমনের প্রয়াত মাকে নিয়ে করা এক অত্যন্ত কদর্য মন্তব্যকে কেন্দ্র করে। ২০১৪ সালে মাতৃহারা হন ইমন। গত বুধবার ছিল তাঁর মায়ের মৃত্যুবার্ষিকী। সেই বিশেষ দিনে নিজের আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়ে একটি পোস্ট করেছিলেন শিল্পী। সেখানেই এক ট্রোলার অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় মন্তব্য করেন, “তোর মাকে ডেকে দেখা তো, তলপেট চাটিয়ে তুই কীভাবে বঙ্গবিভূষণ পেয়েছিস।” এই মন্তব্যটি দেখার পর কার্যত ভেঙে পড়েন ইমন।
ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন শিল্পী
বৃহস্পতিবার সকালে ফেসবুক লাইভে এসে নিজের গভীর যন্ত্রণা প্রকাশ করেন ইমন। তিনি বলেন, “কারও বাবা-মাকে নিয়ে এমন কথা বলবেন না। আপনারা জানেন না এটা হৃদয়ে কতটা গভীর ক্ষত তৈরি করে। এই অপমানের চোটে আমি সারারাত ঘুমাতে পারিনি।” লাইভ চলাকালীনও কিছু বিকৃতমনা মানুষ তাঁর ত্বকের সমস্যা বা ব্রন নিয়ে বিদ্রূপ শুরু করলে ইমন পালটা জবাব দিয়ে বলেন, “আমার ব্রন হতে পারে বা ক্যানসার, তাতে আপনাদের কী? আপনারা কি আমার চিকিৎসা করাচ্ছেন?”
ব্যক্তিগত জীবন আর নয় প্রকাশ্যে
বিগত বেশ কিছু সময় ধরে ইমনের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে ক্রমাগত আক্রমণ করা হচ্ছিল। বিয়ের পর শাঁখা-পলা না পরা থেকে শুরু করে বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি রাখা— সব কিছু নিয়েই নীতিপুলিশদের নিশানায় ছিলেন তিনি। ক্রমাগত এই মানসিক হেনস্তা সহ্য করতে না পেরেই এবার চরম পদক্ষেপ নিলেন গায়িকা।
ইমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এখন থেকে তাঁর সোশ্যাল মিডিয়া পেজে শুধুমাত্র গান এবং পেশাদার জগতের খবরাখবর থাকবে। ব্যক্তিগত জীবনের কোনো দরজা আর অনুরাগীদের জন্য খোলা থাকবে না। শেষে একরাশ অভিমান নিয়ে তিনি বলেন, যারা শিল্পীকে নূন্যতম সম্মান দিতে পারেন না, তাদের গান না শোনাই শ্রেয়।

