সীমান্তে দুই পুলিশকর্মী খুনে খোদ আইএসআইয়ের হাত! চাঞ্চল্যকর দাবি পাঞ্জাব পুলিশের – এবেলা
এবেলা ডেস্কঃ
পাঞ্জাবের গুরুদাসপুরে দুই পুলিশকর্মীর রহস্যময় মৃত্যুর ঘটনায় এবার উঠে এল পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নাম। সীমান্তের কাছে আদিয়ান গ্রামের একটি চেকপোস্ট থেকে এএসআই গুরনাম সিং এবং হোমগার্ড অশোক কুমারের নিথর দেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
তদন্তে নেমে পুলিশের ডিআইজি সন্দীপ গোয়েল এক বিস্ফোরক দাবি করেছেন। তাঁর মতে, এই নৃশংস হামলার নেপথ্যে সরাসরি পাকিস্তানের ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআইয়ের মদত রয়েছে। সীমান্তের ওপার থেকে আসা নির্দেশেই পরিকল্পনা মাফিক এই হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই এই ঘটনায় বড়সড় সাফল্য পেয়েছে পাঞ্জাব পুলিশ। অভিযান চলাকালীন একজন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে এবং পুলিশের সাথে এনকাউন্টারে খতম হয়েছে আরও এক আততায়ী। তবে ঘটনার সঙ্গে জড়িত তৃতীয় অভিযুক্ত এখনও পলাতক। সীমান্ত সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা জারী করার পাশাপাশি তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।

