লেটেস্ট নিউজ

বিশ্বকাপের মাঝেই শোকের পাহাড়, রিঙ্কু সিংয়ের মাথায় লড়াকু বাবার জীবনাবসান – এবেলা

এবেলা ডেস্কঃ

টিম ইন্ডিয়ার অন্দরে বিষাদের ছায়া। ক্রিকেট বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই চরম দুঃসংবাদ পেলেন ভারতীয় দলের তারকা ব্যাটার রিঙ্কু সিং। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে হার মেনে শুক্রবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তাঁর বাবা খানচাঁদ সিং। গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা ক্রিকেট মহল।

পরিবার সূত্রে খবর গত এক বছর ধরে মারণরোগ লিভার ক্যানসারে ভুগছিলেন রিঙ্কু সিংয়ের বাবা। গত কয়েক মাসে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে এবং ক্যানসার চতুর্থ পর্যায়ে পৌঁছে যায়। বাবার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক শুনে গত মঙ্গলবারই ভারতীয় শিবির থেকে বিশেষ ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন রিঙ্কু। বাবাকে শেষবারের মতো জীবিত অবস্থায় দেখার সুযোগ পেলেও শেষরক্ষা আর হলো না।

রিঙ্কু সিংয়ের আজকের এই আকাশছোঁয়া সাফল্যের নেপথ্যে তাঁর বাবার লড়াই ছিল অনুপ্রেরণার মতো। অভাবের সংসারে গ্যাস সিলিন্ডার ফেরি করেও ছেলেকে ক্রিকেটার বানানোর স্বপ্ন দেখেছিলেন খানচাঁদ সিং। ছেলের সাফল্যের দিনে তাঁর এই অকাল প্রয়াণ রিঙ্কুর ব্যক্তিগত জীবনের পাশাপাশি ভারতীয় দলের ড্রেসিংরুমেও শোকের আবহ তৈরি করেছে। বিসিসিআই এবং সতীর্থ ক্রিকেটাররা এই কঠিন সময়ে রিঙ্কু ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *