যুবসাথী প্রকল্পে উপচে পড়া ভিড় সামলাতে সময়সীমা বাড়ানোর পথে মমতা সরকার – এবেলা
এবেলা ডেস্কঃ
February 27, 202610:29 am
রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক ‘যুবসাথী’ প্রকল্প ঘিরে রাজ্যে এখন তুঙ্গে উন্মাদনা। বৃহস্পতিবারই রাজ্য ঘোষিত স্বনির্ভর বাংলা শিবিরের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সরকারি শিবিরের বাইরে যে হারে মানুষের লম্বা লাইন এবং আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, তাতে এই শিবিরের মেয়াদ আরও বাড়ানোর কথা গুরুত্ব দিয়ে ভাবছে নবান্ন।
প্রশাসনের একটি বড় অংশের মতে, ভোটের আগে সাধারণ মানুষের জন্য এই সুযোগ বাড়িয়ে দেওয়া হলে তা বড়সড় রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলবে। বুধবার পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, যুবসাথী প্রকল্পে আবেদনের সংখ্যা আকাশছোঁয়া। মোট আবেদনের সংখ্যা পৌঁছেছে প্রায় ৭৬.৭৭ লক্ষে। এর মধ্যে সরাসরি সরকারি শিবিরেই জমা পড়েছে ৬১ লক্ষেরও বেশি আবেদনপত্র।
আবেদনকারীদের একাংশ এখনও নাম নথিভুক্ত করতে না পারায় নতুন করে সময় বাড়ানোর দাবি উঠছিল। সেই দাবিকে মান্যতা দিয়ে সরকার শিবিরের মেয়াদ বৃদ্ধি করলে আরও কয়েক লক্ষ যুবক-যুবতী এই প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন। এই বিপুল সাড়ায় কার্যত আপ্লুত প্রশাসনিক মহল।

