জুয়ার আসরে টাকা নিয়ে বচসা আর পেটে আমূল বসল ছুরি, ক্যানিংয়ে রক্তারক্তি কাণ্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
February 27, 202610:05 am
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত হেডোভাঙা এলাকায় বুধবার গভীর রাতে জুয়ার আসরকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। সামান্য কটা টাকার লোভে প্রাণঘাতী হামলার শিকার হলেন অভিজিৎ রাউত নামে এক যুবক। ঘটনার নৃশংসতায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে রক্তাক্ত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই যুবক।
জুয়ার বোর্ডেই শুরু বিবাদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে হেডোভাঙা এলাকায় বেশ কয়েকজন যুবক মিলে জুয়ার আসর বসিয়েছিল। খেলা চলাকালীন অভিজিৎ বেশ কিছু টাকা জিতে যান। অভিযোগ, খেলা শেষে বিজয়ী অভিজিৎ যখন প্রতিপক্ষ ভোলা ও নূরের কাছে পাওনা টাকা চান, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় চরম বচসা।
অতর্কিতে পেটে ছুরিকাঘাত ও মাথায় আঘাত
প্রত্যক্ষদর্শীদের দাবি, কথা কাটাকাটি চলাকালীন আচমকাই মেজাজ হারায় ভোলা ও নূর। তারা সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে সরাসরি অভিজিতের পেটে আঘাত করে। শুধু তাই নয়, লাঠি দিয়ে পিটিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। রক্তাত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অভিজিৎ। আর্তচিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
তদন্তে নেমেছে পুলিশ
গুরুতর জখম অবস্থায় অভিজিৎকে উদ্ধার করে দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণাতর গলায় আক্রান্ত যুবক বলেন, “টাকা নিয়ে ঝগড়া হচ্ছিল ঠিকই, কিন্তু ওরা যে আচমকা এভাবে ছুরি চালিয়ে দেবে সেটা কল্পনাও করতে পারিনি।”
ইতিমধ্যেই ক্যানিং থানার পুলিশ এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল অভিযুক্ত অন্য যুবকের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। জুয়ার নেশা যে কতটা ভয়াবহ পরিণাম ডেকে আনতে পারে, এই ঘটনা যেন আবারও সেই প্রমাণ দিল।

