বাংলা জয়ের পর প্রতিটি অনুপ্রবেশকারীকে দেশছাড়া করার হুঁশিয়ারি দিলেন অমিত শাহ – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিহারের সীমাঞ্চল থেকে কার্যত রণহুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী মার্চ মাসেই রাজ্যে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় অংশ নিতে আসছেন তিনি। তার আগেই প্রতিবেশী রাজ্য বিহারের আরারিয়াতে দাঁড়িয়ে শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে ভারতের বাইরে পাঠানো হবে।
সশস্ত্র সীমা বল-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শাহ দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয় এখন সময়ের অপেক্ষা। তিনি জোর দিয়ে বলেন, নতুন সরকার গঠনের পর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, অনুপ্রবেশ কেবল জাতীয় নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং এটি একটি নির্দিষ্ট এলাকার জনসংখ্যার ভারসাম্যকেও নষ্ট করছে। অনুপ্রবেশকারীরা সাধারণ মানুষের রেশন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছে বলেও তিনি অভিযোগ তোলেন।
উল্লেখ্য, বিহারের সীমাঞ্চল এলাকাটি পশ্চিমবঙ্গ সীমান্তের অত্যন্ত কাছে। সেখান থেকেই শাহ বার্তা দিয়েছেন যে, অনুপ্রবেশকারীদের তাড়ানোর প্রক্রিয়া বিহার থেকেই শুরু হবে। তিনি আরও স্পষ্ট করেন, শুধুমাত্র ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নয়, বরং বেছে বেছে প্রত্যেককে সীমানার ওপারে ফেরত পাঠানোই বিজেপির মূল লক্ষ্য। শাহের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

