লেটেস্ট নিউজ

মুর্শিদাবাদে মা ও মূক-বধির ছেলের বিষপানে মৃত্যু, চাঞ্চল্য কান্দিতে – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া গ্রামে চরম অভাবের জেরে বিষপান করে আত্মঘাতী হলেন মা ও ছেলে। মৃতদের নাম দোলন রায় (৫১) ও অভিজিৎ রায় (২৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোলনদেবী অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালাতেন। তাঁর একমাত্র সন্তান অভিজিৎ জন্ম থেকেই মূক ও বধির ছিলেন। মা ও ছেলের এই ক্ষুদ্র সংসারে দারিদ্র্য ও মানসিক অবসাদ নিত্যসঙ্গী ছিল।

শুক্রবার দুপুরে ছেলেকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন দোলনদেবী। ঘর থেকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা অভিজিৎকে মৃত ঘোষণা করেন। দোলনদেবীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলেও শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই তাঁরও মৃত্যু হয়।

এই জোড়া মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে অন্য কোনও সদস্য না থাকায় গ্রামবাসীরাই তাঁদের শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *