পুষ্পা অতীত এবার লতাপাতা সেজে সেটে হাজির কাঞ্চন মল্লিক – এবেলা
এবেলা ডেস্কঃ
টলিউডের জনপ্রিয় অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক মানেই একরাশ বিনোদন। কখনও বড় পর্দা, কখনও রাজনীতি, আবার কখনও তাঁর ব্যক্তিগত জীবন— সংবাদ শিরোনামে তিনি বরাবরই উজ্জ্বল। তবে এবার কোনো বিতর্ক নয়, বরং তাঁর এক অদ্ভুত সাজপোশাক নিয়ে শোরগোল পড়ে গিয়েছে স্টুডিও পাড়ায়। সম্প্রতি শুটিং সেটে একেবারে ‘লতাপাতা’ লুকে ধরা দিলেন অভিনেতা, যা দেখে হাসির রোল উঠেছে সহ-অভিনেতাদের মধ্যে।
শুটিংয়ের ফাঁকে কাঞ্চন যখন এই বিচিত্র পোশাকে ক্যামেরার সামনে দাঁড়ান, তখন পাশে ছিলেন অভিনেত্রী সোনামণি। কাঞ্চনের সারা গায়ে জড়ানো লতাপাতা দেখে মজা করতে ছাড়েননি ইউনিটের সদস্যরা। হাসতে হাসতে একজন টিপ্পনি কেটে বলেই ফেললেন, “গতকাল তো পুষ্পা ছিলে, আজ আবার লতাপাতা হয়ে গেলে?” সহকর্মীদের এই রসিকতায় যোগ দেন সোনামণিও।
অবশ্য দমে যাওয়ার পাত্র নন কাঞ্চন। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই পাল্টা রসিকতা ছুড়ে দিয়ে তিনি জানান, পুষ্পা হোক বা লতাপাতা— সবেতেই তিনি স্বাচ্ছন্দ্য। তাঁর এই উপস্থিত বুদ্ধি আর মজাদার উত্তরে মুহূর্তের মধ্যেই শুটিং সেটের পরিবেশ হালকা হয়ে যায়।
অভিনয়ের পাশাপাশি উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক হিসেবেও কাঞ্চন মল্লিক যথেষ্ট সক্রিয়। ব্যস্ত রাজনৈতিক জীবনের মাঝেও শুটিং সেটে তাঁর এই প্রাণখোলা মেজাজ প্রমাণ করে দেয় যে, তিনি এখনও সেই পুরনো ‘হাসির রাজা’ কাঞ্চনই আছেন। সোনামণি ও কাঞ্চনের এই অফ-স্ক্রিন রসায়ন এবং অভিনেতার নতুন লুক এখন সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত হচ্ছে।

