হাওড়ায় প্রোমোটার খুনের নেপথ্যে চাঞ্চল্যকর ‘ভাঙা বালতি’ চক্র – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ার প্রোমোটার শফিক খান হত্যাকাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর ‘ভাঙা বালতি’ চক্রের যোগ। পুলিশি তদন্তে জানা গেছে, সস্তায় ব্র্যান্ডেড পোশাক দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রের কাজ। এই অনলাইন প্রতারণা ও আর্থিক লেনদেন নিয়েই অভিযুক্ত হারুন ও শফিকের মধ্যে দীর্ঘদিনের বিবাদ তৈরি হয়েছিল।
তদন্তে প্রকাশ, শফিকের পরিচিত এক ব্যক্তির থেকে হারুন জোরপূর্বক টাকা আদায় করলে দুই পক্ষের সংঘাত চরমে পৌঁছায়। এমনকি খুনের আগের দিন শফিক দলবল নিয়ে হারুনকে ধাওয়া করেছিল বলেও পুলিশ জানতে পেরেছে। পালটা প্রত্যাঘাতের পরিকল্পনা করেই বুধবার ভোরে শফিককে লক্ষ্য করে পরপর গুলি চালায় হারুন ও তার সহযোগীরা।
ঘটনার তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশ চারটি বিশেষ দল গঠন করেছে। দুই মূল অভিযুক্ত হারুন ও রোহিতের সন্ধানে গোয়েন্দাদের দুটি দল ইতিমধ্যে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। পুলিশি অনুমান, এই চক্রের গভীরে আরও প্রভাবশালী কেউ জড়িত থাকতে পারে। বর্তমানে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করাই তদন্তকারীদের প্রধান লক্ষ্য।

