পাক-আফগান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা: আলোচনার মাধ্যমে সমাধানের ডাক মস্কো ও বেইজিংয়ের – এবেলা
এবেলা ডেস্কঃ
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সশস্ত্র সংঘর্ষ ও বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া ও চীন। রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা উভয় পক্ষকে বিপজ্জনক সংঘাত পরিহার করে রাজনৈতিক ও কূটনৈতিক পথে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন। একইভাবে চীনও উভয় প্রতিবেশী দেশকে সংযম প্রদর্শনের পরামর্শ দিয়ে দ্রুত যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে।
সীমান্তে উত্তেজনার জেরে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’ এবং আফগানিস্তানের পাল্টা বিমান হামলায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। কান্দাহার ও ইসলামাবাদসহ একাধিক এলাকায় পাল্টাপাল্টি হামলায় বহু হতাহতের খবর মিলেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রক ও পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো নিজ নিজ সামরিক সাফল্যের দাবি করলেও নানগরহার শরণার্থী শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় সাধারণ নাগরিকদের আহত হওয়ার ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে।
এই সংকটময় পরিস্থিতিতে ইরানও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। দেশটির বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি রমজান মাসের পবিত্রতা বজায় রেখে সদ্ভাবপূর্ণ প্রতিবেশীসুলভ আচরণের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান। আন্তর্জাতিক মহলের এই কূটনৈতিক তৎপরতা দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত থামাতে কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়।

